logo

ইরানে হাজারো মৃত্যুর জন্য ট্রাম্পকে ‘অপরাধী’ বললেন খামেনি

ইরানে হাজারো মৃত্যুর জন্য ট্রাম্পকে ‘অপরাধী’ বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে, সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

শনিবার দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনির বলেন, হাজার হাজার মানুষ নিহত হয়েছে। তবে এসব মৃত্যুর জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির মতে, সহিংস দমন-পীড়নে এখন পর্যন্ত তিন হাজার ৯০ জন প্রাণ হারিয়েছেন। কিছু সংগঠন এই মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে। ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে আহ্বান জানান এবং হুমকি দেন যে, নিরাপত্তা বাহিনী যদি তাদের হত্যা করে, তবে সামরিক হস্তক্ষেপ করা হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে খামেনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ইরানি জনগণের ওপর যে হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে, তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপরাধী মনে করি।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দাবি-দাওয়া নিয়ে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ইরানের সর্বোচ্চ নেতার শাসনের অবসান চাওয়ার আন্দোলনে রূপ নিয়েছে। ইরানি সরকার এই বিক্ষোভগুলোকে দেশটির শত্রুদের মদদে পরিচালিত দাঙ্গা বলে অভিহিত করেছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ভিডিও বিবিসি পার্সিয়ান ও বিবিসি ভেরিফাই— উভয়েই যাচাই করেছে।

এ ছাড়া ইরানে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। সাইবার পর্যবেক্ষক নেটব্লকসের মতে, শনিবার দেশটির মোট ইন্টারনেট সংযোগ স্বাভাবিক সময়ের মাত্র প্রায় ২% ছিল।