অনলাইনে গুজব ছড়ানো নিয়ে মক্কার ইমামের কঠোর সতর্কবার্তা

সামাজিকমাধ্যমে গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মক্কা গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ বিন হুমাইদ।
শুক্রবারের খুতবায় তিনি বলেন, এমন কাজে জড়িয়ে পড়া বা তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকের ওপরই নৈতিক দায় বর্তায়।
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, খুতবায় শেখ সালেহ বলেন, মানুষের প্রকৃত চরিত্র কঠিন সময়েই প্রকাশ পায়। তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান, সংকটের মুহূর্তে ধৈর্য ধরতে এবং পার্থিব বিভ্রান্তিতে পড়ে আধ্যাত্মিক সচেতনতা থেকে দূরে সরে না যেতে।
তিনি সতর্ক করে বলেন, ভুয়া বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া শুধু ব্যক্তি বা সমাজের ক্ষতি করে না, এটি পাপের বোঝাও বাড়ায়। জনমত যাই হোক না কেন, সত্য ও নৈতিকতার পথেই অবিচল থাকার ওপর জোর দেন তিনি।
সৌদি কর্তৃপক্ষও এ বিষয়ে বারবার সতর্ক করেছে। বিশেষ করে জনশৃঙ্খলা বা নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গুজব ছড়ানোকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়।
দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সামাজিকমাধ্যমে ভুয়া তথ্য তৈরি, প্রচার বা শেয়ার করার দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত ডিভাইসও জব্দ করা হতে পারে।
কোভিড-১৯ মহামারির সময়সহ বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে এ ধরনের সতর্কতা আরও জোরালোভাবে দেওয়া হয়েছে। তখন স্বাস্থ্যবিধি, কারফিউ বা গ্র্যান্ড মসজিদের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কিছু পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
সরকারি কর্মকর্তারা আবারও সাধারণ মানুষকে নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা সতর্ক করেছেন, যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা বা এমনকি সংরক্ষণ করাও আইনি ঝুঁকি তৈরি করতে পারে।