ইরানি নাগরিকদের প্রবেশ ও ট্রানজিটে নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

ইরানের নাগরিকের প্রবেশ ও ট্রানজিটে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তেহরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবর জানায়, ইরানি নাগরিকদের জন্য জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। নির্দেশনাা জারির পর থেকে ইরানি পাসপোর্টধারীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশেও যেতে (ট্রানজিট) পারবেন না।
সংবাদমাধ্যম জানাচ্ছে, এ নিষেধাজ্ঞা সব ইরানি নাগরিকের জন্য প্রযোজ্য। এমনকি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের বৈধ রেসিডেন্সি (বসবাস) ভিসা, ভিজিট বা টুরিস্ট ভিসা আছে, তারাও দুবাইয়ে প্রবেশ করতে পারবেন না। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করছেন, এমন ইরানি বংশোদ্ভূত বাসিন্দাদেরও দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
জানা যাচ্ছে, এরই মধ্যে ভিসা আবেদনের ওপর এই নতুন নিয়ম প্রতিফলিত হতে শুরু করেছে।
ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আরব আমিরাত এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দুবাইকে ট্রানজিট হিসেবে ব্যবহারকারী হাজার হাজার ইরানি যাত্রী ও সেখানে কর্মরত প্রবাসীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।