Advertisement

যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অনুষ্ঠানে গুলি, নিহত ২

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অনুষ্ঠানে গুলি, নিহত ২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিয়াটেল সেন্টারে একটি খাবার উৎসবে গুলির ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিয়াটেলের বার্ষিক খাবার উৎসব ‘বাইট অব সিয়াটেল’-এ গুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সেখানে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দ্রুত গুলির শব্দ শোনার পর লোকজন দৌড়ে পালাতে শুরু করেন এবং নিরাপদ আশ্রয় নেন। তাদের কেউ কেউ ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘চরম বিশৃঙ্খল’ ও ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।

সিয়াটেল ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত পাঁচজনের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে।

সিয়াটেলের মেয়র কেটি উইলসন জানিয়েছেন, গুলির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, দুজনকে আটক করা হয়েছে। পরে অবশ্য একজনের আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনাস্থলের আশপাশে পুলিশি তদন্ত চলছে। নিরাপত্তার স্বার্থে সিয়াটেল সেন্টারের কাছাকাছি এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় সিয়াটেল শহর ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রতিনিধিরা নিন্দা জানিয়েছেন। তারা এই গুলির ঘটনাকে ‘অর্থহীন সহিংসতা’ হিসেবে উল্লেখ করেছেন।