logo

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪
বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া স্কুলবাস। ছবি: সংগৃহীত

বেলজিয়ামের উত্তরাঞ্চলে বুগেনহাউটে একটি স্কুলবাসে ট্রেনের ধাক্কায় চারজন নিহত ও দুজন গুরুতর হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বুগেনহাউট শহরের রেল ক্রসিং দিয়ে একটি স্কুলবাস রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিল। এমন সময় ট্রেন চলে আসে স্কুলবাসটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসের ভেতরে থাকা কয়েকজন হতাহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম হেট লাস্ট নিউজ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে সাতজন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনায় ট্রেনটির কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির পরিবহন মন্ত্রী জঁ-লুক ক্রুক সম্প্রচারমাধ্যম আরটিএল-কে জানিয়েছেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু, বাসের চালক ও আরেক ব্যক্তি। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

তিনি বলেন, আমার প্রথম মনোযোগ ভুক্তভোগীদের জন্য, তবে যারা আহত হয়েছেন ও তাদের পরিবারের প্রতিও। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। একটি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বেলজিয়ামে শহর ও গ্রামের মধ্যে বিস্তৃত রেললাইন রয়েছে। সেখানে প্রায়ই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে।

রেল সংস্থা ইনফ্রাবেল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০২৫ সালে এই ধরনের দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। ২০২০ সালের পর থেকে এটিই সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা।

বেলজিয়ামের স্কুল বাস দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন।

তিনি বলেন, আজ বুগেনহাউটে একটি ট্রেন ও স্কুল বাসের মধ্যে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আমি মর্মাহত। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আজ ইউরোপ বেলজিয়ামের সঙ্গে শোক প্রকাশ করছে।