logo

ইরাকের কাছে হরমুজ প্রণালির বিকল্প খুব কম

ইরাকের কাছে হরমুজ প্রণালির বিকল্প খুব কম

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরাক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি বিশ্লেষক এবং সুফান সেন্টারের সিনিয়র ফেলো কেনেথ কাটজম্যান। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ছাড়া দেশটির দক্ষিণাঞ্চল দিয়ে তেল রপ্তানির আর তেমন কোনো কার্যকর বিকল্প ইরাকের হাতে নেই।’

শনিবার (৪ এপ্রিল) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাটজম্যান বলেন, ‘যদিও উত্তর দিকে ইরাক-তুরস্ক পাইপলাইনটি বর্তমানে সচল রয়েছে এবং এর মাধ্যমে কিছু তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে, তবে ইরাকের তেলের মূল অংশ উৎপাদিত হয় বসরা অঞ্চলে। এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে পাঠাতে হরমুজ প্রণালির ওপর নির্ভর করা ছাড়া ইরাকের গতি নেই।’

সম্প্রতি ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞা থেকে ইরাক অব্যাহতি পাবে। এই বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন কাটজম্যান। তার মতে, ‘এই প্রণালি দিয়ে যত বেশি তেল বের হতে পারবে, বিশ্ববাজারের জন্য ততই মঙ্গল।’

ইরানের এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক কৌশল দেখছেন এই বিশ্লেষক। তিনি বলেন, ‘ইরান স্পষ্টভাবেই চায় ইরাককে তাদের নিজস্ব বলয়ে রাখতে। ইরাক যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় দেশগুলোর সাথে জোটবদ্ধ না হয়, সম্ভবত সেই উদ্দেশ্য থেকেই ইরাকি জাহাজগুলোকে এই প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’