বিয়ের পাঁচ মাস পরই ফিলিস্তিনি গোলরক্ষককে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী

বিয়ের মাত্র পাঁচ মাস পরই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের জাতীয় দলের গোলরক্ষক সেলিম আল-আশকার। চলতি সপ্তাহের শুরুর দিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তার মৃত্যু হয়। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) দেওয়া বিবৃতির বরাতে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য নিশ্চিত করেছে।
পারিবারিক জীবনে আল-আশকার মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। বর্তমানে তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার অপেক্ষায় আছেন। সন্তানের মুখ দেখার আগেই জাতীয় দলের এই গোলরক্ষককে জীবন দিতে হলো। তার এমন মর্মান্তিক মৃত্যুর পর থেকে আত্মীয়-স্বজন ও সতীর্থদের মাঝে শোকের মাতম চলছে।
পিএফএ জানিয়েছে, মাঠের এই তারকা গোলরক্ষক দখলদার বাহিনীর চালানো সরাসরি গুলিতে নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে তিনিও একজন।
তার এই অকাল মৃত্যুতে চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো বুধবার (১ জুলাই) গভীর দুঃখ প্রকাশ করেছে। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ৩২ বছর বয়সি ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। এই ধরনের ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই ঘটনার ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাই।’




