আলোচনার মধ্যেই রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬

রাশিয়ার বেলগোরোদ ও পার্ম অঞ্চল এবং দখলকৃত ক্রিমিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বেলগোরোদ অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি গাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী ও এক পুরুষ নিহত হন বলে স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা সদর দপ্তর জানিয়েছে।
সোমবার সকালে বেলগোরোদের কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী শহর গ্রাইভোরনে পৃথক একটি ড্রোন হামলায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেন থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত রাশিয়ার পার্ম অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে একজন নিহত ও চারজন আহত হন বলে আঞ্চলিক গভর্নর দিমিত্রি মাখোনিন জানিয়েছেন।
যাচাই না হওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পার্মের একটি শিল্প এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। ওই এলাকায় অন্তত দুটি প্রতিরক্ষা-সংশ্লিষ্ট স্থাপনা রয়েছে। এর মধ্যে একটি গানপাউডার কারখানা এবং অপরটি রকেট ইঞ্জিন তৈরির কারখানা।
অন্যদিকে, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপলে রাতের হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী ও এক পুরুষ নিহত হয়েছেন। ক্রেমলিন-নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরক ও ধাতব টুকরায় ভরা ড্রোনের আঘাতে আটটি আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাশিয়া ও দখলকৃত ক্রিমিয়ার আকাশে মোট ৩০৬টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে।
তবে হামলা ও হতাহতের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


