যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান কীভাবে রণ প্রস্তুতি নিচ্ছে

এশিয়া পোস্ট নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান কীভাবে রণ প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান তাদের রণ প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরান সম্প্রতি একটি সংবেদনশীল সামরিক স্থাপনার ওপর কংক্রিটের ঢাল তৈরি করেছে এবং মাটি দিয়ে ঢেকে দিয়েছে। 

২০২৪ সালে ইসরায়েল এই সামরিক স্থাপনাটিতে বোমা হামলা করেছিল বলে জানা গেছে। এ ছাড়া ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় মার্কিন বোমা হামলার শিকার একটি পারমাণবিক স্থাপনাও সুরক্ষিত করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ এ পারমাণবিক স্থাপনার সুড়ঙ্গ প্রবেশপথ মাটি দিয়ে ভরাট করেছে। 

অন্য একটি স্থাপনার সুড়ঙ্গ প্রবেশপথও সুরক্ষিত করা হচ্ছে। এ ছাড়া সংঘর্ষে আঘাতপ্রাপ্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি মেরামত করা হচ্ছে। এর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ইরানের রণ প্রস্তুতি সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ইরানিদের এ সামরিক কার্যকলাপের কারণ যুক্তরাষ্ট্রের হুমকি। দেশটি মধ্যপ্রাচ্য অঞ্চলে সেনা সমাবেশ করে ব্যাপক রণ প্রস্তুতি নিয়েছে। একই সময়ে মার্কিন সরকার ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে আলোচনা চালাচ্ছে। এ আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছে। 

অপরদিকে ইরান আমেরিকার আক্রমণের জবাবে এই অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন স্বার্থে আঘাত করার হুমকি দিয়েছে। একই সময়ে তারা আমেরিকার সঙ্গে আলোচনার সময় পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার কথা বারবার অস্বীকার করেছে। তবে ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকছে।