আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানও। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্টে যুদ্ধ শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাম্প ইরানে মার্কিন হামলার সংবাদ নিশ্চিত করেছেন। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানি সরকারের কাছ থেকে আসা তাৎক্ষণিক হুমকি দূর করে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেওয়া।
ভিডিওতে ট্রাম্প বলেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।
এ সময় ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আত্মসমর্পণ করুন। নইলে মৃত্যু নিশ্চিত।
ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হবে, তাদের ক্ষেপণাস্ত্র শিল্প পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে এবং নৌবাহিনীকে অকার্যকর করে দেওয়া হবে। তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
এদিকে সিএনএন জানায়, ভিডিওতে ট্রাম্প বলেছেন ইরানের ভেতরে সামরিক অভিযান চালানো হলে আমেরিকানদের প্রাণহানি হতে পারে।
ট্রাম্প বলেন, ইরানের শাসকরা মানুষ মারার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে—যুদ্ধে সাধারণত যা হয়। কিন্তু আমরা এখন তেমনটি হতে দিচ্ছি না। ভবিষ্যতের কথা বলছি। এটি একটি মহৎ অভিযান।
‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে’ বলেও জানান তিনি।