logo

নতুন চাকরি পাওয়ার আনন্দই কাল হলো, দুর্ঘটনায় পরিবারের ১৪ জনের ১৩ জনই নিহত

নতুন চাকরি পাওয়ার আনন্দই কাল হলো, দুর্ঘটনায় পরিবারের ১৪ জনের ১৩ জনই নিহত
ওই পরিবারের সবাই দুর্ঘটনা কবলিত এ গাড়িতে ছিলেন। ছবি: হিন্দুস্তান টাইমস

সরকারি শিক্ষিকা হিসেবে চাকরি পাওয়ার আনন্দ উদযাপন করতে মন্দিরে যাচ্ছিল ভারতের ঝাড়খণ্ডের এক পরিবার। কিন্তু প্রার্থনা শেষে বাড়ি ফেরা আর হলো না তাদের। পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের ১৩ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ নভেম্বর) রাত দেড়টা থেকে ২টার মধ্যে ঝাড়খণ্ডের রামগড় জেলার পেইনকি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত ব্যক্তিরা সবাই ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা। তারা একটি স্করপিও গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তিকা মন্দিরে যাচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্য অমৃতা কুমারী সম্প্রতি সরকারি শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছিলেন। তার এই সাফল্য উদযাপন করতেই পরিবারের সবাই মিলে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সেই আনন্দযাত্রাই শেষ পর্যন্ত শোকাবহ পরিণতি ডেকে আনে। দুর্ঘটনায় অমৃতা কুমারীও নিহত হয়েছেন।

পরিবারের সদস্য চন্দন কুমার জানান, তারা মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তার ভাই স্করপিও গাড়িটি চালাচ্ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দ্রুতগতির স্করপিওটি পেছন থেকে একটি অজ্ঞাতপরিচয় গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। গাড়িতে থাকা ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ব্যক্তিকে রামগড় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন জানান, নালন্দা থেকে রাজরাপ্পা যাওয়ার পথে বিহারের নিবন্ধন নম্বরযুক্ত একটি স্করপিও দুর্ঘটনায় পড়েছে বলে তারা খবর পান। গাড়িটিতে ১৪ জন ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।