ইন্টারনেট সুবিধা বাড়াতে নতুন স্যাটেলাইট বহর উৎক্ষেপণ করল চীন

পৃথিবীর নিম্ন কক্ষপথে ইন্টারনেট সুবিধা বাড়াতে নতুন স্যাটেলাইট বহর উৎক্ষেপণ করেছে চীন। সিনহুয়া নিউজের খবর জানাচ্ছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে উত্তর চীনের থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।
এটি মূলত একটি বৃহৎ ইন্টারনেট স্যাটেলাইট বহর গড়ে তোলার প্রকল্পের অংশ। লংমার্চ ৬ নামের একটি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে বলে জানিয়েছে চীন।
অভিযানে ব্যবহৃত লং মার্চ ৬ রকেটটি তৈরি করেছে সাংহাইয়ের স্পেসফ্লাইট টেকনোলজি একাডেমি। রকেটের অন্যতম বৈশিষ্ট্য, এটি একক বা গুচ্ছ আকারে কৃত্রিম উপগ্রহ বহন করতে সক্ষম।
প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও রকেটটি শক্তিশালী। এটি প্রায় ৭০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে সাড়ে ৪ টন ওজন বহন করতে পারে। এবারের উৎক্ষেপণটি ছিল লংমার্চ রকেট সিরিজের ৬৩৭তম মিশন।
পৃথিবীর নিম্ন কক্ষপথ হলো পৃথিবী পৃষ্ঠ থেকে ১৬০ থেকে দুই হাজার কিলোমিটার উচ্চতার মধ্যে থাকা এলাকা। এটি মূলত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস), কৃত্রিম উপগ্রহ এবং দ্রুত যোগাযোগের স্যাটেলাইটগুলোর জন্য ব্যবহৃত হয়। এই কক্ষপথে অবস্থান করা স্যাটেলাইটগুলো প্রায় ৯০ থেকে ১২০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে