ইরান যুদ্ধে ট্রাম্পকে টেনে আনার দাবি উড়িয়ে দিলেন নেতানিয়াহু

ইরান যুদ্ধে ট্রাম্পকে টেনে আনার দাবি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
নেতানিয়াহু বলেন, ইরান যুদ্ধে অংশ নিতে তিনি ট্রাম্পকে রাজি করাননি। এ ধরনের অভিযোগ সত্যি ‘হাস্যকর’।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক। তিনি আমেরিকার জন্য যা সঠিক বলে মনে করেন, তাই করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তিনি যা সঠিক বলে মনে করেন, তা করছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধের দিকে ঠেলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কয়েক মাস ধরে তিনি ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়েছেন। এছাড়া নেতানিয়াহু ইরান-মার্কিন কূটনৈতিক আলোচনা ঠেকাতে কাজ করেছেন।
এই দাবির জবাবে নেতানিয়াহু বলেন, ট্রাম্প ইরানের হুমকি বোঝেন। আমার তাকে রাজি করানোর প্রয়োজন নেই। তেহরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায়। মানুষ এটা বুঝুক বা না বুঝুক, নেতাকে এটা বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেন।