logo

ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে পাল্টা রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয়। এ খবর জানিয়েছে আলজাজিরা।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই প্রতিহত করার খবর জানিয়েছিল।

তারও আগে, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

লেবাননে এই হামলার বিষয়ে সাংবাদিকদের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত করা হয়েছে, যেখানে তারা নিজের নিরাপদ বলে মনে করত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত না। আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব।

এদিকে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক ব্রিফিংয়ে এ দাবি করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। লেবানন এই চুক্তিতে অন্তর্ভুক্ত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (লেবানন) এই চুক্তির অন্তর্ভুক্ত না। তবে তাদের বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।