বিশ্ববাজারে তেলের দামে পতন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এই চুক্তি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শেষ করার জন্য একটি বৃহত্তর চুক্তির আশা জাগিয়েছে। ফলস্বরূপ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে।
এমন সম্ভাবনার মধ্যে বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে পতন দেখা গেছে।
আগের দিন মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছিল। কুয়েতে ইরানের হামলা ও হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক অভিযানের খবরের পর এই মূল্যবৃদ্ধি ঘটে।
তবে বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববাজারে ব্যবসায়ীরা কিছুটা সতর্ক অবস্থান নেওয়ায় তেলের দাম নতুন করে আর বাড়েনি, বরং সামান্য কমেছে।
এদিন বাংলাদেশ সময় দুপুর ১টা ২৯ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৭ সেন্ট কমে ৯৭ দশমিক ০৩ ডলারে নেমে আসে। একইভাবে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭০ সেন্ট কমে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল ও লেবানন রাজি হয়েছে বলে বুধবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তির আশা জাগিয়েছে। তেহরান যে কোনো চুক্তির একটি শর্ত হিসেবে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির কথা উল্লেখ করেছে।
পিভিএম অয়েলের বিশ্লেষক জন ইভান্স বলেন, লেবাননের প্রতি ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার দাবিতে ইরান জোর দিচ্ছে এবং প্রকৃতপক্ষে একটি অগ্রগতিও দেখা যাচ্ছে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেছেন, ‘আমাদের মতে, যতক্ষণ পর্যন্ত প্রবাহ সীমিত থাকবে, ততক্ষণ দামের ঊর্ধ্বমুখী পথই সবচেয়ে সহজ থাকবে।’
এদিকে, এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার জানিয়েছে, ২৯ মে শেষ হওয়া সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুত ৮০ লাখ ব্যারেল কমে ৪৩.৩৭ কোটি ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের এক জরিপে বিশ্লেষকদের প্রত্যাশিত ৪০ লাখ ব্যারেল হ্রাসের চেয়ে এই পতন ছিল অনেক বেশি।
অন্যদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, এই সপ্তাহান্তেই ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও বলেন, উভয় পক্ষই আদান-প্রদান করা বার্তাগুলো পর্যালোচনা করছে।
