ইরানে নিখোঁজ দ্বিতীয় পাইলট উদ্ধার, কাটেনি শঙ্কা

ইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্য বা পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী। রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে তাকে উদ্ধার করা গেলেও এখনও বিপদ কাটেনি।
রোববার (৫ এপ্রিল) মার্কিন সরকারের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরার।
এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এক ভয়াবহ এবং রক্তক্ষয়ী সম্মুখ লড়াইয়ের পর তাকে (পাইলটকে) উদ্ধার করা হয়।
তিনি আলজাজিরাকে জানিয়েছেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করা গেলেও তিনি এখনও ‘নিরাপদ’ নন। কারণ, উদ্ধারকারী দলটি এখনও ইরানের অভ্যন্তরে অবস্থান করছে।
ফলে উদ্ধার হওয়া পাইলটসহ দলটিকে নিরাপদে ইরানি সীমান্ত পার করে বের হয়ে আসার চ্যালেঞ্জ এখন রয়ে গেছে। এই ‘এক্সফিল্ট্রেশন’ বা বহির্গমন প্রক্রিয়াটি সফল না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।
প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ ওই ক্রু সদস্যের অবস্থান শনাক্ত করার পর সেখানে তীব্র সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির পর মার্কিন উদ্ধারকারী দল তাকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়। তবে এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের নিখোঁজ পাইলটদের উদ্ধারে ব্যর্থ হয়ে তাদের ওপরই বোমা হামলা চালাচ্ছে। সামরিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ।