
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ক্রেমলিনের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে অনুরোধ করা হলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দূরত্ব ঘুচাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে মস্কো পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা যাতে কোনোভাবেই আর বৃদ্ধি না পায়, তা রোধ করতে মস্কো জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যকার আলোচনার ক্ষেত্রে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি যদি কোনো জটিল বিষয় বা অন্তরায় হিসেবে দেখা দেয়, তবে সেই বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া।
তিনি আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে মস্কোর নিয়মিত কূটনৈতিক যোগাযোগে ইরান প্রায়শই একটি অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে এবং এ বিষয়ে উভয় পক্ষই নিয়মিত নিজেদের মতামত ও অবস্থান বিনিময় করে থাকে।
এর আগে, সপ্তাহখানে আগে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল মস্কো। সেসময় রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কো সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে জানান, যুক্তরাষ্ট্র ও ইরান যদি এ ধরনের আগ্রহ দেখায়, তবে আমরা (মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে) প্রস্তুত।
রুদেঙ্কো আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে সে বিষয়ে আমরা আগেই আমাদের প্রস্তাব পেশ করেছি, কিন্তু এ পর্যন্ত আমাদের সেই প্রস্তাবগুলো কোনো সমর্থন পায়নি।


