ইরান যুদ্ধের মধ্যে নতুন যুদ্ধজাহাজের মহড়া চীনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ নিয়ে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। দেশটির পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড এই মহড়ার আয়োজন করে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, যুদ্ধের সময় কীভাবে শত্রুর আক্রমণ ঠেকানো যায় এবং পাল্টা আঘাত করা যায়, সেটিই ছিল এই মহড়ার মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তিতে ঠাসা এই জাহাজগুলো প্রতিকূল পরিবেশে কতটা কার্যকর, তা এই অনুশীলনের মাধ্যমে যাচাই করা হয়েছে।
নৌ-প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা চিন শান জানান, এবারের মহড়ায় নতুন ক্রু (নৌ-কর্মী) এবং নতুন যন্ত্রপাতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাহাজের কর্মীরা যাতে নতুন সব সরঞ্জামের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন এবং জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, সে প্রশিক্ষণই দেওয়া হয়েছে।
এই মহড়ার ফলে নৌবাহিনীর কর্মকর্তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও বেড়েছে।
এদিকে চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে চীন গোপনে স্যাটেলাইট সহায়তা দিচ্ছে অভিযোগ বিভিন্ন সূত্রের। যদিও বেইজিং এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে মধ্যপ্রাচ্যে এই সংঘাতের মধ্যে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নতুন যুদ্ধজাহাজের মহড়া তাইওয়ান ও মিত্র যুক্তরাষ্ট্রের জন্য বড় বার্তা বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা।