আরও সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাবে মালয়েশিয়া

নতুন দফায় ৬ হাজার ৮০০ জনের বেশি মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। সম্প্রতি জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের ঐতিহাসিক রোহিঙ্গা গণহত্যার মামলায় রায়ের পাঁচ দিন পর এই ঘোষণা দিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আনোয়ার ইব্রাহিম বলেন, আগামী ৬ থেকে ৭ ডিসেম্বর তিনটি নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বরে মিয়ানমার সরকারের খরচে বিমানে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে ফিরিয়ে নেওয়া হবে।
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। তবে বিপুলসংখ্যক শরণার্থীর কারণে দেশটির সরকার এখন তাদের আশ্রয় দেওয়াকে আর্থিক বোঝা ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখছে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে একটি পরিকল্পনার আওতায় প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়। পরিকল্পনাটি নিয়ে স্বচ্ছতার অভাব থাকায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
হেগের অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গত সপ্তাহে দেওয়া রায়ে বলেছে, মিয়ানমারকে দেশের ভেতরে ও বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে হবে।
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মধ্যেই গত মাসে মিয়ানমারের সাবেক সামরিক শাসক ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথেয়তা দেয় মালয়েশিয়া। সমালোচকদের আশঙ্কা, এতে মিয়ানমার সরকার বৈধতা পেতে পারে এবং ফেরত পাঠানো ব্যক্তিরা ঝুঁকিতে পড়তে পারেন।
তবে আনোয়ার ইব্রাহিম বলেন, মিন অং হ্লাইংয়ের সঙ্গে তার আলোচনা মালয়েশিয়ার স্বার্থ রক্ষার পাশাপাশি আইসিজের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাষ্য, আলোচনার উদ্দেশ্য নিপীড়ন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেওয়া অনেকেই মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার। তবে তার দাবি, মালয়েশিয়ার পক্ষে আর শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের চেষ্টাও সফল হয়নি।
গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি দেশে ফেরত পাঠানো শত শত অভিবাসীকে মিয়ানমারের সামরিক বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তারা এ বিষয়ে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।
আনোয়ার এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার কথা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠী নিয়ে মালয়েশিয়া তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা প্রায় ১ লাখ ৯০ হাজার মিয়ানমারের শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু হিসেবে বর্ণনা করা হয়।
(2)-6182f1.jpg)


