logo

ভারতে গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক

ভারতে গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা টাউন রেলস্টেশন থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের গভর্নমেন্ট রেল পুলিশ বা জিআরপি। বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন চত্বরে উদ্দেশ্যহীনভাবে দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিআরপি। জিজ্ঞাসাবাদের পরে তাদের হেফাজতে নেওয়া হয়। 

মালদা টাউন রেলস্টেশনের জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক। 

মাত্র দুদিন আগেই বৈষ্ণবনগর অথবা কালিয়াগঞ্জ সীমান্ত থেকে তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু, ভারতে প্রবেশ করার পরেই তাদের অর্থ আত্মসাৎ করে দালালরা। এরপর তাদের ফেলে রেখে পালিয়ে যায়।  

জিআরপি জানায়, গ্রেপ্তার দুই বাংলাদেশির নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরের বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত।