logo

নববর্ষ উৎসবের মাধ্যমেই জনসংযোগে প্রার্থীরা

নববর্ষ উৎসবের মাধ্যমেই জনসংযোগে প্রার্থীরা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রভাব পড়েছে নববর্ষ উৎসবে। এ আনন্দঘন পরিবেশেও প্রার্থীরা প্রচারে বেরিয়েছেন। এমনকি ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার থিমেও ছিল রাজনীতির ছোঁয়া। এবার নববর্ষকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের নির্বাচনি প্রচারণা, জনসংযোগ এবং নির্বাচনি প্রচারণা সেরেছেন প্রার্থীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গান-কবিতার পাশাপাশি সুকৌশলে নিজেদের প্রচারণা, জনসংযোগ সারছেন প্রার্থীরা। এদিন সকালে বাংলার বিখ্যাত মনীষীদের শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরির মাধ্যমে প্রচারে বেরোতে দেখা যায় বরানগর আসনের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র'কে। নাচে-গানে, কবিতায় একেবারে ভিন্ন ছকে সাংস্কৃতিক সংগঠনগুলোর বৃহৎ আয়োজনে নববর্ষ পালন এবং তার মাধ্যমেই জনসংযোগ করেছেন শিলিগুড়ির  তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। 

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে সুকৌশলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান মমতা ব্যানার্জি। ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে মমতা বলেন, এই বাংলাকে যদি ভালো রাখতে হয়, তবে অন্য কোনো প্রার্থীকে ভোট দেবেন না। যদি আমার নেতৃত্বে সরকার চান তবে দয়া করে ২৯৪ আসনে আমার প্রার্থীকেই জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।' এর আগে কালীঘাটে পূজা করেন মমতা।

প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি শামিক ভট্টাচার্য। তিনিও জনসংযোগে পিছিয়ে ছিলেন না । রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ‘নতুন সরকার আসছে পশ্চিমবঙ্গে, আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের কথা, আপনাদের ব্যথা এবং আপনাদের আবেগ স্পর্শ করব আমরা। একসঙ্গে এগিয়ে যাব সবাই।

নতুন বছরের শুরুটা কালীঘাট মন্দিরে সস্ত্রীক পূজা দিয়ে শুরু করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ধুতি পাঞ্জাবি পরে বাঙালিয়ানা সাজে বছরের শুরুতেই কালীঘাট মন্দিরে পূজা করেন এ রাজ্যপাল। 

অন্যদিকে চলতি বছর কলকাতার মঙ্গল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ, শোভাযাত্রার থিম, ‘বাঙালির নাগরিকত্বের সংকট ’। নির্বাচনের অন্যতম ইস্যু ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের কারণে নাগরিকত্ব হারিয়ে নতুন করে বাঙালির উদ্বাস্তু হওয়ার চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রায়। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর মাথায় বাক্স-পেটরা নিয়ে উদ্বাস্তু হওয়ার পটভূমি, মাথার ধরে থাকা সেই বাক্সে লেখা রয়েছে রক্ত দিয়ে কেনা মাটি , কাগজ দিয়ে নয়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালির মাছ-মাংস খাওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই ইস্যুকেও তুলে ধরা হচ্ছে এবারের মঙ্গল শোভাযাত্রায়।