logo

ইসরায়েলে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ, গ্রেপ্তার ৩

জেরুজালেম পোস্ট
জেরুজালেম পোস্ট
ইসরায়েলে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ, গ্রেপ্তার ৩
ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির সন্দেহে কয়েকজনের বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থভর্তি খাম জব্দ করে পুলিশ। ছবি: ইসরায়েলি পুলিশ

ইসরায়েলের নেসেট (পার্লামেন্ট) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতির হার ১৬ দশমিক ৬৮ শতাংশে পৌঁছেছে। তবে ভোটগ্রহণের আগে ভোটারদের সমর্থন পেতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের আরবভিত্তিক রাজনৈতিক দল রাআমের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলি পুলিশ জানায়, নির্বাচনের আগের রাতে সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকার তিন বেদুইন সম্প্রদায়ের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক হাজার শেকেল (ইসরায়েলি মুদ্রা) নগদ অর্থভর্তি খাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, তদন্তসংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে এমন নোট ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সন্দেহভাজন তিনজনের কাছ থেকে নগদ অর্থভর্তি খাম ও রাআমের নেতা মনসুর আব্বাসের নামে ব্যালট পাওয়া গেছে। এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দক্ষিণাঞ্চলীয় প্রতারণা তদন্ত ইউনিটে নেওয়া হয়েছে। তাদের আরও কিছুদিন আটক রাখার আবেদন জানাতে আদালতে হাজির করবে পুলিশ।

তবে, রাআম এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের কর্মীদের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ নেই বলে দাবি দলটির। বরং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব জনগোষ্ঠীর ভোটদানের হার কমানোর চেষ্টা করছে বলে অভিযোগ কর হয়।