ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সোমবার (২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক’ নির্দেশনা পাঠিয়েছে।
এতে সবাইকে দ্রুত সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার কথা বলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পর তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মারণাস্ত্রের হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
বিবিসি ফার্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।
সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এছাড়া ইরাকি শহর এরবিলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।