যুক্তরাজ্যে তাপপ্রবাহে রেকর্ড ৫,২৫৮ জনের মৃত্যু

যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত কারণে আনুমানিক ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০১৬ সালে তাপপ্রবাহজনিত মৃত্যুর হিসাব প্রকাশ শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ সংখ্যা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডে সাত দফা তাপপ্রবাহের ঘটনা ঘটেছে। এসব তাপপ্রবাহ মোট ৪১ দিন স্থায়ী ছিল। তাপপ্রবাহের সংখ্যা ও স্থায়িত্ব, দুই ক্ষেত্রেই এটি ২০১৬ সালের পর নতুন রেকর্ড।
সবচেয়ে প্রাণঘাতী ছিল ২১ থেকে ২৮ জুনের তাপপ্রবাহ। ওই আট দিনে আনুমানিক ২ হাজার ৪০১ জনের মৃত্যু তীব্র গরমের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। মে ও জুনের প্রথম দুই দফা তাপপ্রবাহেই মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যায়।
ইউকেএইচএসএর পরিসংখ্যান বলছে, আগের বছরগুলোর তুলনায় এবারের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। ২০২২ সালে তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৯৮৫। ২০২৩ সালে ২ হাজার ২৯৫, ২০২৪ সালে ১ হাজার ৩১১ এবং ২০২৫ সালে ১ হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের গ্রীষ্ম ছিল ব্যতিক্রমী। মে মাসেই প্রথমবারের মতো নির্ধারিত মৌসুমি সতর্কতা সময়ের আগে তাপস্বাস্থ্য সতর্কতা জারি করতে হয়েছিল। এ ছাড়া ইংল্যান্ডে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ স্তরের ‘রেড হিট-হেলথ অ্যালার্ট’ জারি করা হয়।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্ম দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণতম ছিল। ১৩ আগস্ট গ্লুচেস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। জুন মাসেও বিভিন্ন এলাকায় তাপমাত্রার রেকর্ড ভাঙে।
বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের কারণে শুধু হিটস্ট্রোক নয়, পানিশূন্যতা এবং হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যাও বেড়ে যেতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং আগে থেকে শারীরিক অসুস্থতায় ভোগা ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।
ইউকেএইচএসএর প্রধান পরিবেশস্বাস্থ্যবিষয়ক বিজ্ঞানী রস থম্পসন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম তাপমাত্রার সময়কাল আরও দীর্ঘ, ঘন ঘন এবং তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শুধু তাপপ্রবাহ চলাকালীন নয়, দীর্ঘমেয়াদেও ব্যক্তি, স্থানীয় সম্প্রদায় এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মে ও জুনের অস্বাভাবিক গরমের সময়ই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থাৎ শুধু গ্রীষ্মের মাঝামাঝি সময় নয়, মৌসুমের শুরু থেকেই তাপপ্রবাহ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া জরুরি।
তবে ৫ হাজার ২৫৮ জনের মৃত্যুর হিসাবটি এখনো প্রাথমিক। মৃত্যুর নিবন্ধনসংক্রান্ত তথ্য পুরোপুরি হালনাগাদ না হওয়ায় চূড়ান্ত সংখ্যা পরিবর্তিত হতে পারে। ২০২৭ সালের শুরুর দিকে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের ঝুঁকি ক্রমেই বাড়ছে। ভবিষ্যতে প্রাণহানি কমাতে ঘরবাড়ি ও নগর অবকাঠামোকে অতিরিক্ত তাপ সহনশীল করে তোলা, স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ জোরদার করা প্রয়োজন।


