১০ বিলিয়ন ডলার বাণিজ্যের লক্ষ্য সৌদি-তুর্কির

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যখন উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই নতুন করে বাণিজ্য চুক্তির পথে হাঁটছে তুরস্ক ও সৌদি আরব। শিগগির দুই মুসলিম দেশের বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তুর্কি বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়টি জানিয়েছেন। খবর আনাদোলুর।
রিয়াদে অনুষ্ঠিত সৌদি-তুর্কি বিনিয়োগ ফোরামে তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সৌদি সফরের সময় উভয় দেশের মন্ত্রণালয় ও ব্যবসায়িক সংগঠনের মধ্যে অসংখ্য চুক্তি স্বাক্ষরিত হবে।
এদিন আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফর করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি এমিন এরদোয়ান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরসহ গুরুত্বপূর্ণ অন্য মন্ত্রীরা।
বোলাত এ সময় জোর দিয়ে বলেন, এই চুক্তিগুলো তুরস্ক-সৌদি সম্পর্ককে আরও উচ্চ স্তরে উন্নীত করবে এবং অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে। তার মতে, দুদেশের নেতারা ১০ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি এবং ৩০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে আমি আশা করি, ২০২৬ সাল হবে আমাদের ১০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনের বছর।
তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ এরই মধ্যে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তুরস্ক-সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা শিল্পে, বিশেষ করে ক্রয় এবং যৌথ উৎপাদনে দ্বিপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত হচ্ছে।