সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

দ্বিতীয় দফার শান্তি আলোচনার আগে পাকিস্তানের সেনানগরী খ্যাত রাওয়ালপিন্ডিতে অবতরণ করে যুক্তরাষ্ট্রের ছয়টি সামরিক বিমান। অথচ এখনও ইসলামাবাদে ইরান কিংবা যুক্তরাষ্ট্র কোনো পক্ষেরই প্রতিনিধিদল এসে পৌঁছায়নি।
যদিও ইরানের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করার বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে নিশ্চিত হওয়া যায়, বিমানগুলো মূলত যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা সামগ্রী এবং অতিরিক্ত নিরাপত্তা সরঞ্জাম বহন করেছে।
অন্তত ছয়টি মার্কিন সামরিক বিমান রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বিমানবাহিনীর নূর খান ঘাঁটিতে অবতরণ করেছে। পরে বিমানগুলো ফিরে গেছে। তবে কয়টি বিমান ফেরত গেছে আর কয়টি এখন রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
তথ্য অনুযায়ী, এই বিমানগুলোর মধ্যে অন্তত দুটি আজ সোমবার অবতরণ করেছে। আর বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে অবতরণ করেছে।