logo

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হামলা চালিয়ে হামাস কমান্ডার ওয়াসিম আয়াতুল্লাহ আলীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের জন্য ইসরায়েলি নৌবাহিনী দায়ী ও তারা দাবি করেছে যে আলী হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েল লেবাননে তার সামরিক অভিযানের পরিধি বাড়িয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছে বলে জানা গেছে।

একই সময়ে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাসিন্দাদের অনেককে আগে ত্রিপোলির দিকে চলে যেতে বলা হয়েছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলার পর অনেক মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করেছেন। এতে রাস্তায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

এর আগে একটি জরুরি সতর্কবার্তায় ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ‘জীবন বাঁচাতে দ্রুত ঘরবাড়ি ছেড়ে চলে যেতে’ বলেছে। ইসরায়েল ও ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই এই সতর্কতা দেওয়া হয়েছে।