Advertisement
এফবিআইয়ের দাবি

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ড্রোন হামলার পরিকল্পনা নস্যাৎ

এশিয়া পোস্ট ডেস্ক
ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ড্রোন হামলার পরিকল্পনা নস্যাৎ
হোয়াইট হাউসের লনে আয়োজিত ইউএফসি মিক্সড মার্শাল আর্ট ইভেন্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গত সপ্তাহে হোয়াইট হাউসের লনে আয়োজিত আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) মিক্সড মার্শাল আর্ট ইভেন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

আদালতের নথির বরাত দিয়ে এফবিআই জানিয়েছে, হামলাকারীদের পরিকল্পনা ছিল সুসংগঠিত আক্রমণাত্মক। তারা বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউসের উত্তর দিকে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। মূল উদ্দেশ্য ছিল ড্রোনের বিস্ফোরণ ঘটিয়ে উপস্থিত অতিথিদের আতঙ্কিত করে একটি নির্দিষ্ট বের হওয়ার পথের দিকে নিয়ে যাওয়া। এরপর সেখানে আগে থেকে ওত পেতে থাকা স্নাইপাররা রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর গুলি চালানোর পরিকল্পনা করছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবিদনে বলা হয়েছে, যে সময় এই হামলার পরিকল্পনা করা হয়েছিল, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। ট্রাম্পের ৮০তম জন্মদিন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই বিশেষ ফাইটিং ইভেন্টের আয়োজন করা হয়েছিল। শেষপর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে ট্রাম্প ছাড়াও বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা, শভাকাঙ্ক্ষী এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফবিআইয়ের তদন্তে জানা গেছে, হামলা পরিকল্পনাকারীরা সরকারবিরোধী ষড়যন্ত্রে তীব্র মনোভাব পোষণ করে। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মামলার তদন্ত ধামাচাপা দেওয়া নিয়ে তারা সরকারের ওপর তীব্র ক্ষোভ জানিয়েছে। এছাড়া, অভিযুক্তদের একজন বিভিন্ন ইসরায়েলি লবিস্ট গ্রুপ থেকে নির্বাচনি অনুদান নেওয়া যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের ওপর হামলা করার জন্য বিশেষভাবে আগ্রহী ছিল।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন, গত ১০ জুন তারা এই সম্ভাব্য হামলার আগাম তথ্য পেয়েছিলেন। এর সঙ্গে ওয়াশিংটনের বাইরের একটি চক্র জড়িত ছিল। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যাকাণ্ডের পরিকল্পনায় লিপ্ত হওয়া এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।


যেভাবে গোপন তথ্য পেয়েছে এফবিআই

হামলা পরিকল্পনার তথ্য এফবিআই পেয়েছে ওহাইওর বাসিন্দা ১৯ বছর বয়সী সন্দেহভাজন তরুণ টাইসেন প্রপারের মায়ের কারণে। প্রপারের মা স্থানীয় পুলিশকে ফোন করে জানান, তার ছেলে ইদানীং প্রচুর অস্ত্র কিনছে এবং অনলাইনে সন্দেহভাজন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে। পরে এফবিআই প্রপারকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোয়াইট হাউসের ইউএফসি অনুষ্ঠানে একটি বড়সড় সমন্বিত হামলার ব্যাপারে সে সবকিছু জানত।

ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী, এই চক্রে ২৩ জনের মতো সদস্য জড়িত থাকতে পারে। বর্তমানে ফ্রান্সে জি-৭ সম্মেলনে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি এই হামলার পরিকল্পনার বিষয়ে আগে শোনেননি। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে হালকাভাবে নেননি।

তিনি বলেন, বড় অর্থায়ন ও চক্রের হাত ছাড়া ২৩ জন ব্যক্তি ওয়াশিংটনে এত বড় সন্ত্রাসী হামলা চালানোর সাহস পেত না। এটি কোনো পাগলের কাজ নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এর পেছনে যুক্ত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।