লেবাননের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর স্থগিত

পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় এ সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজে।
শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
নাওয়াফ সালাম জানান, লেবাননের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় তিনি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রে পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারণ করা হয়। কিন্তু বৈরুতের অভ্যন্তরীণ অস্থিরতা সেই প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, লেবাননের রাজনীতিতে শক্তিশালী অবস্থান ধরে রাখতে চায় হিজবুল্লাহ। সে কারণে ইসরায়েলের সঙ্গে দেশটির সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করা হয়েছে।
হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান ফাদলাল্লাহ আজ এক বিবৃতিতে জানিয়েছেন, তার দল ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা মেনে নেবে না। তিনি সম্ভাব্য এই আলোচনাকে লেবাননের সংবিধান ও জাতীয় চুক্তির পরিপন্থি হিসেবে অভিহিত করেছেন।
ফাদলাল্লাহ বলেন, ইসরায়েলি বর্বর হামলার বিরুদ্ধে যখন লেবাননের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, তখন এ ধরনের আলোচনা আরও বিভেদ সৃষ্টি করছে। এ ধরনের পদক্ষেপ লেবাননের নাগরিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে যুদ্ধের সর্বশেষ আপডেটে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া তাদের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।
ইসরায়েলি হামলায় আজ ইতোমধ্যে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নাবাতিহ-তে দুইজন চিকিৎসা কর্মী রয়েছেন– যাদের একজন প্যারামেডিক (জরুরি চিকিৎসা কর্মী) এবং অন্যজন সিভিল ডিফেন্সের সদস্য।