সংঘাতের মধ্যে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও সিএনএন এ তথ্য জানায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ফোনালাপের একটি ছবি প্রকাশ করেছে, যাতে বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে কথা বলতে দেখা যায়। ছবির বিবরণে বলা হয়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলেন। তবে, ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তবে, আমেরিকানরা জানে কীভাবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে।
তিনি আরও বলেন, ইরান উত্তেজনা কমাতে প্রস্তুত। তবে প্রথমে মার্কিন ও ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে হবে। ইরান বাইরের সাহায্য ছাড়াই আত্মরক্ষা করতে সক্ষম।
এর আগে, স্থানীয় সময় শনিবার ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হামলার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়। তবে, ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ শিক্ষার্থী নিহত হয়েছেন। একইসঙ্গে হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে জানিয়েছ বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানও। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। এতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একজন নিহত হয়েছেন। নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। কিন্তু শনিবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় কোনো ধরনের সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই সংলাপ শেষ হয়। এরপরই ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
উল্লেখ্য, গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের তিনটি প্রধান পরমাণুকেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন।
১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।