ইসরায়েলে এবার হুতির ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে এবার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেন থেকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রের জেরে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং জেরুজালেমের সীমান্তবর্তী এলাকাসহ মধ্য ইসরায়েলের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উচ্চশব্দে সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু হয়। এতে অঞ্চলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে।
ইসরায়েলে হুতিদের আকস্মিক হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৭ জুন) রাতে লেবাননে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। উত্তর ইসরায়েল লক্ষ্য করে ইরানের আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
অন্যদিকে ইরানের হামলার জবাবে থেমে থাকেনি তেল আবিবও। মার্কিন প্রশাসন ও আন্তর্জাতিক মহলের হামলা পেছানোর কূটনৈতিক তোড়জোড় ও অনুরোধ তান দিয়ে কয়েক ঘণ্টার মাঝে ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী (আইডিএফ) পশ্চিম ও মধ্য ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলার সময় ইরানের রাজধানী তেহরান, তাবরিজ এবং ইসফাহান শহরজুড়ে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
