logo

ইসরায়েলের নতুন পার্লামেন্টে কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইসরায়েলের নতুন পার্লামেন্টে কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সিএনএন

ইসরায়েলের নতুন পার্লামেন্টের অধিবেশন মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকলেও নতুন পার্লামেন্টের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে চাপে পড়তে পারেন দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধীদের আসনসংখ্যা ও রাজনৈতিক অবস্থান তার জন্য সংসদীয় কার্যক্রম পরিচালনা কঠিন করে তুলতে পারে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং মধ্যপন্থার রাজনীতির প্রবক্তা গাদি আইজেনকটকে রোববার (৮ নভেম্বর) সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে আইজেনকট কিংবা নেতানিয়াহু; কেউই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাননি।

নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যেও ১২০ সদস্যের নতুন পার্লামেন্ট বা নেসেট তার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রাজনৈতিক বিশেষজ্ঞ আসাফ শাপিরা বলেন, নতুন সরকার গঠিত না হলেও পার্লামেন্টের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার খর্ব হয় না।

আইজেনকট সামরিক কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর কোনো ম্যান্ডেট নেতানিয়াহুর নেই। তবে তার এই বক্তব্য মূলত রাজনৈতিক অবস্থান থেকে এসেছে, আইনি বাধ্যবাধকতা হিসেবে নয়। কারণ, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেতানিয়াহুর হাতেই রয়েছে।

নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর রাজনৈতিক জোটের আসনসংখ্যা আগের ৬৮ থেকে কমে ৫৩-তে দাঁড়িয়েছে। অন্যদিকে আইজেনকটের মূল বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। এ ছাড়া আরব-অধ্যুষিত দলগুলোর ১৯ জন আইনপ্রণেতা নতুন পার্লামেন্টে জায়গা পেয়েছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এসব দল নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী সরকারের বিরোধী। তবে আইজেনকট সরাসরি আরব আইনপ্রণেতাদের সঙ্গে জোট গঠন করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নতুন পার্লামেন্টে যেসব উপায়ে নেতানিয়াহুকে চাপে ফেলা হতে পারে, সেগুলো হলো

৭ অক্টোবরের হামলা তদন্তে কমিশন গঠন

বিরোধীদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পেছনে ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন। ওই হামলাটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে বিবেচিত।

নেতানিয়াহু ব্যক্তিগতভাবে কোনো দায় থাকার কথা অস্বীকার করে আসছেন। তার সরকারও বিস্তৃত তদন্তক্ষমতাসম্পন্ন স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করেছে। এর পরিবর্তে রাজনৈতিকভাবে নিয়োগ করা ব্যক্তিদের মাধ্যমে পর্যালোচনার পক্ষে অবস্থান নিয়েছে সরকার।

তবে নতুন সরকার গঠনের আগেই পার্লামেন্ট চাইলে হামলার ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করতে পারে। পরে সেই কমিটি তাদের অনুসন্ধানের ফলাফল জাতীয় তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করতে পারবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ শাপিরা।

নির্বাচনের পর আইজেনকটও জানিয়েছেন, তদন্ত কমিশন গঠন তার সরকারের অন্যতম তাৎক্ষণিক অগ্রাধিকার হবে।

নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিল

নতুন পার্লামেন্ট নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া কয়েকটি বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিতে পারে। এর মধ্যে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ হয়েছিল। উদারপন্থীদের আশঙ্কা ছিল, এসব সংস্কারের ফলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু বিচার বিভাগকে নিজের বিরোধী শক্তি হিসেবে দেখেছেন বলেও রাজনৈতিক বিতর্ক রয়েছে।

হামাসের ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী যুদ্ধের কারণে জনমনে বিচার বিভাগ সংস্কার নিয়ে আলোচনা কিছুটা আড়ালে চলে যায়।

নতুন পার্লামেন্ট সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করা এবং অ্যাটর্নি জেনারেলকে অপসারণ সহজ করার মতো আইনগুলো বাতিল করতে পারে।

এ ছাড়া অতি-গোঁড়া ইহুদি বা আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ক্ষেত্রে দেওয়া ছাড়ও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হতে পারে। সামরিক বাহিনীর ওপর বাড়তি চাপের মধ্যে এই সম্প্রদায়ের সদস্যদের সেনাবাহিনীতে যোগ না দেওয়ার সুযোগ নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।

তবে আল্ট্রা-অর্থোডক্স দলগুলোও এসব আইনে আরও ছাড় চেয়েছে। বিরোধী শিবিরের অন্তত একজন নেতা তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

শাপিরার মতে, নেতানিয়াহু সরকারের আমলের আইন বাতিল করা তুলনামূলক সহজ। এ জন্য পার্লামেন্টে ভোটের মাধ্যমে আগের নীতিতে ফিরে যাওয়া সম্ভব। তবে নতুন আইন পাস করতে বিরোধীদের নিজেদের অগ্রাধিকার নির্ধারণ ও সমন্বয় করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচন নিয়ে সংঘাত

নতুন পার্লামেন্টের প্রথম রাজনৈতিক বিরোধ দেখা দিতে পারে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে। বর্তমানে স্পিকারের দায়িত্বে রয়েছেন নেতানিয়াহুর লিকুদ পার্টির ঘনিষ্ঠ আমির ওহানা।

পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, নতুন স্পিকার নির্বাচন উদ্বোধনী অধিবেশনেই হতে পারে এবং নতুন সরকার শপথ নেওয়ার আগেই তা সম্পন্ন করতে হবে।

গত বৃহস্পতিবার আইজেনকটের জোটের তিনটি দল বিদায়ী স্পিকারকে চিঠি দিয়ে উদ্বোধনী অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচনের অনুরোধ জানায়। রাজনৈতিক বিশেষজ্ঞ শাপিরার মতে, এটিই তুলনামূলক প্রচলিত পদ্ধতি।

তবে ওহানা পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, নতুন সরকার শপথ নেওয়ার দিন স্পিকার নির্বাচন করাই প্রচলিত রীতি।

অন্যদিকে বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা নাফতালি বেনেট জোটের অগ্রাধিকারগুলো দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব নেসেটের নিয়ন্ত্রণ নেব।’

সব মিলিয়ে নতুন পার্লামেন্টে আসনসংখ্যার পরিবর্তন এবং বিরোধীদের সক্রিয় অবস্থানের কারণে নেতানিয়াহুর জন্য রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকলেও পার্লামেন্টে তদন্ত কমিশন গঠন, বিতর্কিত আইন বাতিল এবং স্পিকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তাঁকে বিরোধীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট