কয়েক মাস আগে ইরানে সরকারবিরোধী ব্যাপক গণবিক্ষোভ হয়। ওই বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর হাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের ইসলামি শাসনতান্ত্রিক সরকার শুরু থেকেই বলে আসছে, যুক্তরাষ্ট্রের উসকানিতেই এই বিক্ষোভ হয়েছে। এমনকি ওয়াশিংটন ওই বিক্ষোভকারীদের অস্ত্র দিয়েছে বলেও অভিযোগ করে তারা।
রোববার (৫ এপ্রিল) এ বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ওয়াশিংটন ইরানের সরকারকে অস্থিতিশীল ও উৎখাত করার প্রচেষ্টায় সরাসরি জড়িত ছিল। খবর আলজাজিরা।
ফক্স নিউজের রিপোর্টার ট্রে ইয়িংস্ট বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, ইরানে ডিসেম্বর ও জানুয়ারিতে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।’
ফক্স নিউজের এই সাংবাদিক জানান, প্রেসিডেন্ট তাকে বলেছেন, ‘আমরা বিক্ষোভকারীদের জন্য অনেক বন্দুক পাঠিয়েছিলাম। সেগুলো কুর্দিদের কাছে পাঠানো হয়েছিল। আমার ধারণা, কুর্দিরা সেই অস্ত্রগুলো নিজেদের কাছেই রেখে দিয়েছে।’