logo

৫০০ টাকা বাজি ধরায় মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ

৫০০ টাকা বাজি ধরায় মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ

কাবাডি টুর্নামেন্ট চলছিল। সেখানে ৫০০ টাকার একটি বাজি ধরাতেই তৈরি হয়েছে বড় বিতর্ক। বাজি ধরেছেন স্বয়ং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, আর সেটাকেই কেন্দ্র করে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি।

ঘটনাটি ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, তুমাকুরুতে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রি-ইউনিভার্সিটি কলেজ কাবাডি টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। খেলা চলাকালে জেলা ডেপুটি কমিশনার শুভ কল্যাণের সঙ্গে ৫০০ টাকার ‘বন্ধুত্বপূর্ণ’ বাজি ধরেন তিনি।

মন্ত্রী মনে করেছিলেন বিজয়াপুরা দল জিতবে। কিন্তু শেষ পর্যন্ত তার পছন্দের দলটি দক্ষিণ কন্নড়ের কাছে ৩৬-২৬ পয়েন্টে হেরে যায়।

ঘটনাটি মেনে নিতে পারেননি উপস্থিত এক দর্শক। এইচ আর নাগভূষণ নামে ওই ব্যক্তি আদালতে অভিযোগ করেন, প্রকাশ্যে বাজি ধরা বেআইনি, সেটা মজার ছলে হলেও। তার মতে, এটি জুয়াকে উৎসাহিত করে, বিশেষ করে যখন কোনো সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এতে জড়িত থাকেন।

অভিযোগটি গুরুত্ব দিয়ে বেঙ্গালুরুর ৪২তম অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত ও তদন্তের নির্দেশ দিয়েছে।

সূত্র: এনডিটিভি