logo

আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েল, ৮ দেশের নিন্দা

আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েল, ৮ দেশের নিন্দা

টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসলিমদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে ইসরায়েল। পবিত্র রমজান মাসে আল-আকসা বন্ধ করে রাখার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (১১ মার্চ) এক যৌথ বিবৃতিতে এই আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘জেরুজালেমের পুরোনো শহর এবং এর ধর্মীয় স্থানে ফিলিস্তিনিদের প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা, ধর্মীয় স্থানে অবাধ প্রবেশাধিকারের নীতিসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে ইসলায়েলের প্রতি ফিলিস্তিনিদের জন্য পবিত্র আল-আকসা মসজিদের দরজা বন্ধ রাখার নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে জেরুজালেমের পুরোনো শহরে যাতায়াতে বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়া এবং মুসলিমদের মসজিদে প্রবেশে যে কোনো বাধা অপসারণের আহ্বান জানানো হয়েছে।

মুসল্লিদের জন্য জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের সঙ্গে চলা যুদ্ধের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছি দেশটি। 

তবে গতকাল ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টানা মসজিদ বন্ধ রাখার এ ঘটনায় স্পষ্ট হয়েছে, এসব নীতি ফিলিস্তিনিদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।