সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলা, দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলা ও একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
আত্রাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, প্রয়াত বাজলুর প্রামাণিকের ছেলে কালিমউদ্দিন, গুফফার প্রামাণিকের ছেলে মোহন ও সুমন এবং খোরস্রোতা গ্রামের মজনুরের ছেলে মজিদুল ও আব্দুল জলিল।
আত্রাই উপজেলার অন্য নিহতদের মধ্যে উজানপই গ্রামের ফরিদ, দুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, সদনগর গ্রামের সাগর। তবে একই উপজেলার আরেক নিহত মিনহাজের গ্রামের সম্পূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ছাড়াও নলডাঙ্গার দুই নিহত ব্যক্তি হলেন দিঘিরপার গ্রামের শামীম ও খাজুরা গ্রামের সাব্বির, রাজশাহীর বাগমাড়া উপজেলার মোরুগ্রাম-ডাঙ্গাপাড়া এলাকার শ্যামল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই পরিচয়গুলো নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অগ্নিকাণ্ড ও নিহতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘জীবিকার সন্ধানে সুদূর সৌদি আরবে কর্মরত প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম।’
.png)


