logo

তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৬ শিশুর মৃত্যু

তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৬ শিশুর মৃত্যু

ইরানের রাজধানী তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জোরালো বিমান হামলায় প্রাণ হারিয়েছে ১০ বছরের কম বয়সি ছয় শিশু। সোমবার (৬ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে চার কন্যা শিশু এবং দুই ছেলে শিশু রয়েছে। 

ফার্স নিউজের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (৫ এপ্রিল) রাতে তেহরানের বাহারেস্তান এলকার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এই ভয়াবহ হামলা চালানো হয়। 

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফার্স নিউজ জানিয়েছিল, ওই নির্দিষ্ট এলাকায় হামলায় মোট ১৩ জন নিহত হয়েছেন। এখন সর্বশেষ খবরে জানা গেছে, সেই নিহতের তালিকায় একটি বড় অংশই ছিল শিশুরা।

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফাতে ইরানের ছোড়া একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। রোববার (৫ এপ্রিল) বিকেলের এই হামলায় সাততলাবিশিষ্ট একটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও ফার্স্ট পোস্ট।

ইসরায়েলি সামরিক বাহিনী ও উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি সাততলা ভবনে আঘাত হানে, যার ফলে কাঠামোর একাংশ ধসে পড়ে। প্রথম দিকে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরে দুজন নিহত ও আরও দুজন নিখোঁজ থাকার তথ্য দিয়েছে আলজাজিরা। ফায়ার সার্ভিস কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালাচ্ছে।