logo

আফগানিস্তানে ভূমিকম্পে ১২ জনের মৃত্যু 

আফগানিস্তানে ভূমিকম্পে ১২ জনের মৃত্যু 

আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। 

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া। শুক্রবার রাতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আজ সকালে সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

শক্তিশালী কম্পনের ফলে রাজধানী কাবুলসহ পূর্বদিকের পাঞ্জশির, লোগার, নানগারহার, লাঘমান এবং নুরিস্তান প্রদেশের জনপদগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, মানুষের প্রাণহানির পাশাপাশি ৩৮টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে মোট ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮৬ দশমিক ৪ কিমি। উৎপত্তিস্থল ছিল উত্তরের বাদাখশান প্রদেশের জুরম জেলা থেকে ৩৫ কিমি দক্ষিণে। প্রাথমিকভাবে এর অবস্থান ৩৬ দশমিক ৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭০ দশমিক ৮৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়েছে।

কাবুল এবং এর পার্শ্ববর্তী প্রদেশগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তান প্রায়ই ভূমিকম্পের শিকার হয়, বিশেষ করে ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হিন্দুকুশ পর্বত অঞ্চলে। গত বছরের নভেম্বরে এই একই অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে সামানগান এবং বলখ প্রদেশে ২৪ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এ সময় হাজারখানেক মানুষ আহত হন।