logo

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ২০ গ্রামে বন্ধ পানি সরবরাহ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ২০ গ্রামে বন্ধ পানি সরবরাহ
পানির পাত্র নিয়ে বসে আছেন ইরানি বৃদ্ধরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের অন্তত ২০টি গ্রামে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানি বিশুদ্ধকরণ (ডেস্যালিনেশন) প্ল্যান্টের একটি গুরুত্বপূর্ণ পাম্প ও বিদ্যুৎ সরঞ্জাম ধ্বংস হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ তীব্র পানিসংকটে পড়েছে।

শনিবার (১৮ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম হরমোজগান প্রদেশের পানি ও বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামজেহ পোরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমোজগান প্রদেশের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে অবস্থিত একটি পানি বিশুদ্ধকরণ (ডেস্যালিনেশন) স্থাপনায় হামলা চালায়। এতে সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং প্ল্যান্টের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর ফলে অন্তত ২০টি গ্রামে পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

হামজেহ পোর এই হামলাকে ‘অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা তীব্র পানিসংকটের মুখে পড়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরুর প্রায় ৪০ দিন একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে সম্মত হয় ওয়াশিংন ও তেহরান। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। বারবার ইরানে পুনরায় হামলার হুমকি দেন তিনি।

চলতি মাসে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর পরই ইরানে পুনরায় আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র। হামলার প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ইরান। উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে তারা। এই হামলা-পাল্টা হামলার জেরে ইরানের জাস্ক কাউন্টির পানি বিশুদ্ধকরণ স্থাপনা যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হয়।