logo

হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলর সঙ্গে সংঘাতে সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক (শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতি) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে আল-ধাফরা বিমানঘাঁটিতে এবং বাহরাইনের জুফায়ার বিমানঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়।

বিবৃতিতে উল্লেখ করে বলা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে।

ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে ইরান—ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এমন ঘোষণার কিছুক্ষণ পরই ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানাল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। তাদের প্রতিরক্ষাব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।

সূত্র: আলজাজিরা