ইসরায়েলের হামলায় লেবাননে ৩১ জন নিহত

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করার পর সোমবার (২ মার্চ) ইসরায়েলি বাহিনী এ হামলা শুরু করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযানের ফলে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৯ জন।
সোমবার ভোরে বার্তাসংস্থা এএফপির সংবাদ প্রতিবেদক বৈরুতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে শুরু করেছে।
এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান আরও জোরদার করার লক্ষ্যে ইসরায়েলি সামরিক বাহিনী বিনত জুবাইল শহরসহ দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলি বাহিনীর এক সতর্কবার্তায় বলা হয়, সাধারণ মানুষ যেন স্থানীয় ভবনগুলো থেকে অন্তত ১ কিলোমিটার দূরে অবস্থান করেন।
এর আগে, লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের দাবি, তারা বৈরুত এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করেছে। এ ছাড়া দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির একজন কেন্দ্রীয় নেতাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে আলজাজিরার প্রতিবেদক জানিয়েছে, দক্ষিণ লেবাননের হারিস, নাবাতিহ আল-ফাওকা এবং মেফদুন শহরেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
মূলত উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পরই এই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলাগুলো ছিল ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ।
লেবানন সরকার এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে দেশটিকে নতুন কোনো সংঘাতের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েলের গণ-উচ্ছেদের সতর্কতা জারি করার পর, দক্ষিণ লেবাননের বাসিন্দারা গাড়িতে করে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কিছু লোক ছাদে গদি বাঁধা অবস্থায় ছিল।