যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা ঈশ্বর কবুল করেন না: পোপ লিও

ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও বলেছেন, যারা যুদ্ধ শুরু করে এবং সাধারণ মানুষের রক্তে হাত রাঙায়, ঈশ্বর তাদের প্রার্থনা কখনোই কবুল করেন না।
রোববার (২৯ মার্চ) পবিত্র ‘পাম সানডে’ উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এক বিশাল জনসভায় পোপ এই মন্তব্য করেছেন। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীদের জন্য বছরের সবচেয়ে পবিত্র সপ্তাহ ও ইস্টার উৎসবের শুরুর দিন আজ। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষকে সমবেত হতে দেখা যায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পোপ কড়া ভাষায় বলেন, যিশুকে কোনোভাবেই যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। সমবেত হাজার হাজার ভক্তের সামনে তিনি বলেন, যিশু হলেন শান্তির রাজা। তিনি যুদ্ধকে ঘৃণা করেন। কোনো পক্ষই নিজেদের রাজনৈতিক বা সামরিক আকাঙ্ক্ষা চরিতার্থ করতে তার নাম ব্যবহার করে যুদ্ধের বৈধতা দিতে পারে না।
এ সময় তিনি পবিত্র বাইবেলের বাইবেলের উদ্ধৃতি টেনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “(যিশু) যারা যুদ্ধ করে তাদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন এই বলে: ‘তোমরা যতই প্রার্থনা করো না কেন, আমি শুনব না; তোমাদের হাত রক্তে পূর্ণ’।”
জনসভায় বক্তব্য দেওয়ার সময় পোপ লিও সুনির্দিষ্টভাবে কোনো নেতার নাম উল্লেখ করেননি। তবে চলমান ইরান যুদ্ধের বিরুদ্ধে তিনি তীব্র সমালোচনা করেছেন। বক্তব্যে পোপ বারবার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গত সোমবার অন্য একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, সামরিক বিমান হামলা নির্বিচার, এসব নিষিদ্ধ করা উচিত।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধকে বৈধতা দিতে বেশ কিছু মার্কিন কর্মকর্তা খ্রিস্টান ধর্মের ভাষা ও পরিভাষা ব্যবহার করেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনে খ্রিস্টীয় প্রার্থনা সভা শুরু করেছেন এবং গত বুধবার এক সভায় তিনি ইরানের বিরুদ্ধে ‘প্রচণ্ড সহিংস ব্যবস্থা’ নেওয়ার জন্য প্রার্থনা করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, ইরানিরা কোনো করুণা পাওয়ার যোগ্য নয়।
রোববার জনসভায় পোপ লিও বাইবেলের সেই অংশের কথা উল্লেখ করেন, যেখানে ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু গ্রেপ্তার হওয়ার সময় তার এক অনুসারীকে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য তিরস্কার করেছিলেন।
পোপ বলেন, (যিশু) নিজে সশস্ত্র হননি, নিজেকে রক্ষা করেননি বা কোনো যুদ্ধও করেননি। তিনি ঈশ্বরের সেই কোমল মুখচ্ছবি প্রকাশ করেছেন, যিনি সর্বদা সহিংসতাকে প্রত্যাখ্যান করেন। নিজেকে বাঁচানোর পরিবর্তে তিনি নিজে ক্রুশে বিদ্ধ হয়েছিলেন।