যুক্তরাষ্ট্রের দুই সেনা নিখোঁজ

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বার্ষিক বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।
রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে মার্কিন আফ্রিকা কমান্ড (আফ্রিকম)।
আফ্রিকম জানিয়েছে, আফ্রিকান লায়ন মহড়ায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, মরক্কো ও অন্যান্য দেশগুলো একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তল্লাশি অব্যাহত আছে।
ঘটনাটি ২ মে আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী তান তানের কাছে ক্যাপ দ্রা প্রশিক্ষণ এলাকায় ঘটে। এই যুদ্ধ মহড়াটি এপ্রিলে শুরু হয়ে তিউনিসিয়া, ঘানা ও সেনেগালসহ চারটি দেশজুড়ে চলছে। মহড়াটি মে মাসের শুরুতে শেষ হওয়ার কথা রয়েছে।
২০০৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা আফ্রিকান লায়ন হলো এই মহাদেশের বৃহত্তম মার্কিন বার্ষিক যৌথ সামরিক মহড়া এবং এতে সাধারণত যুক্তরাষ্ট্র ও তার শীর্ষ আফ্রিকান মিত্রদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশ নেন।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, এই বার্ষিক বহুজাতিক আয়োজনটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় অংশগ্রহণকারী বাহিনীগুলোর প্রস্তুতিকে আরও উন্নত করার একটি ক্ষেত্র হিসেবে কাজ করে।
সূত্র: দ্য গার্ডিয়ান