বাংলাদেশ সীমান্তে বিএসএফের অস্ত্র পরিদর্শন অমিত শাহের

বাংলাদেশ সীমান্তে বিএসএফের সীমান্ত চৌকিতে অস্ত্র পরিদর্শন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (৫ জুন) ত্রিপুরার লঙ্কামুরা সীমান্ত চৌকিতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর আধুনিক অস্ত্র পরিদর্শন করেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পরিদর্শনের ছবি পোস্ট করেছেন অমিত শাহ।
এদিকে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারত আধুনিক সীমান্ত প্রকল্প চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন অমিত শাহ। প্রকল্পটি চূড়ান্ত হয়েছে উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাচালান থেকে শুরু করে মানব পাচারের মতো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। একাধিক আন্তর্জাতিক সীমান্তে ‘স্মার্ট বর্ডার প্রজেক্ট’ চালু করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার।
লঙ্কামুরা সীমান্ত চৌকিতে বিএসএফ জওয়ানদের উদ্দেশে দেওয়া বক্তব্যে অমিত শাহ বলেন, দ্রুত পরিবর্তনশীল হুমকির মুখে কেবল প্রথাগত সীমান্ত পাহারা দেওয়ার পদ্ধতি এখন আর যথেষ্ট নয়। আমাদের লক্ষ্য হলো একটি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, যা সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ সনাক্ত এবং প্রতিরোধ করতে সক্ষম।
তিনি জানান, প্রস্তাবিত ‘স্মার্ট বর্ডার প্রজেক্ট’ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, দেশের বেশ কয়েকটি স্থানে পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে। এই প্রকল্পগুলো থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী বাস্তবায়নের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা মডেল তৈরি করা হবে।
