logo

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রজেক্টাইল হামলা

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রজেক্টাইল হামলা

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রজেক্টাইল হামলা হয়েছে বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে তেহরান। গার্ডিয়ানের খবর, সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ হামলা হয়েছে। আইএইএ ইরানের কাছ থেকে বিষয়টি জেনেছে এবং তাদের প্রাথমিক মূল্যায়নে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য নেই। 

এ পরিস্থিতিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন আইএইএর পরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, ‘পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে।’

গার্ডিয়ানের খবর জানায়, ইরান ও রাশিয়া বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা হওয়ার দাবি করেছে। মঙ্গলবারের এই ঘটনার বিষয়ে তেহরান ও মস্কো উভয়েই জানিয়েছে, হামলার ফলে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি।

তবে পারস্য উপসাগর উপকূলে অবস্থিত এই পারমাণবিক কেন্দ্রে হামলার এ ঘটনা দীর্ঘদিনের উদ্বেগ, যেমন হামলা বা ভূমিকম্পজনিত ঝুঁকির বিষয়টি আবার সামনে এনেছে। দীর্ঘদিন ধরেই স্থাপনাটি ঘিরে আলোচনা চলছে, কোনো দুর্ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস হলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

রুশ বার্তা সংস্থা তাসের বরাতে সংবাদমাধ্যম জানায়, প্রজেক্টাইলটি বিদ্যুৎকেন্দ্রের মেট্রোলজি সার্ভিস ভবনের পাশের এলাকায় এবং একটি সচল বিদ্যুৎ ইউনিটের কাছাকাছি আঘাত হানে। তবে আঘাত হানা প্রজেক্টাইলের ধরন এখনো স্পষ্ট নয়।

এদিকে দক্ষিণ ইরানে বিমান হামলা পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।