logo

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জিএমটি রাত ৯টা (বাংলাদেশ সময় ভোর ৩টা) থেকে কার্যকর হবে।

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টায় (ইস্টার) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল এবং লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করেন।

ট্রাম্প আরও বলেন, বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এবং এটি হবে আমার ১০তম কাজ, তাই চলুন, এটি সফল করি!

এদিক লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তির ফলে সংঘাতের কারণে বাস্তুচ্যুতরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। যুদ্ধবিরতিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টারও প্রশংসা করেছেন সালাম।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে ইরানের হয়ে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

যুদ্ধবিরতির আওতায় গত ৮ এপ্রিল থেকে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।