হরমুজ প্রণালি নিয়ে নেওয়া সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

বিশ্বের অন্যতম সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে ঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটলেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৌপথ দিয়ে চলাচল করা জাহাজের নিরাপত্তা দেওয়ার শর্তে ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্ত কার্যকর আর করবেন না। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়ার পোস্টে এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘হরমুজ প্রণালি ইরান ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত। আর এর কারণ হলো তাদের (ইরানের) মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, যা তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, আমরা একটি পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর করতে যাচ্ছি। তবে তা কেবল ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা কিংবা ইরানি পণ্য বহনকারী জাহাজগুলোর ওপরই কার্যকর হবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ ‘রিইম্বারসমেন্ট ফি’ (ব্যয়-ফেরত ফি)-এর পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় রাষ্ট্র ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করবে। এতে করে তাদের ও তাদের ভবিষ্যত অত্যন্ত লাভজনক হবে।
এর আগে, ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে মার্কিন সামরিক বাহিনী যে নিরাপত্তা দেবে, তার ক্ষতিপূরণ হিসেবে সমস্ত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের এই নতুন অবস্থান থেকে স্পষ্ট যে, ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখলেও উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর বাড়তি শুল্কের বোঝা না চাপিয়ে বাণিজ্যিক অংশীদারত্বের মাধ্যমে কৌশলগত সুবিধা নিতে চাইছে ওয়াশিংটন।
সূত্র: আলজাজিরা





