গাজায় পুলিশের গাড়িতে বিমান হামলা, নিহত ৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকার্মী সশস্ত্র গোষ্ঠী হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চল আল-জাওয়াইদা শহরের প্রবেশপথের কাছে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়ে আটজনকে হত্যা করেছে বলে গাজার অভ্যন্তরীণ কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন হামাস-নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ কর্তৃপক্ষের পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, বিমান হামলায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, রোববারও মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় ফিলিস্তিনিদের সমাবেশে একটি করে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ক্যাম্পের আল-আওদা হাসপাতাল জানিয়েছে, হামলায় স্ত্রী-ছেলেসহ এক ব্যক্তি নিহত হয়েছেন।
উভয় হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রোববার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মরদেহ এবং আটজন আহত ব্যক্তি এসেছেন।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৬৩ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৭৬২ জন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ২৩৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৬১ জন।