গুন্ডা দমন আইনের বৈধতা চ্যালেঞ্জের মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গুন্ডা দমন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, আইনটি এখনও প্রেসিডেন্টের সম্মতি লাভ না করায় এর আগাম কোনো শুনানির আইনি ভিত্তি নেই।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।
বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যে কোনো বিল প্রেসিডেন্ট অনুমোদন পাওয়ার পরেই পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়। যেহেতু এই আইনটি এখনও প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদন লাভ করেনি, তাই বিল কার্যকর হওয়ার আগেই আগাম হিসেবে করা কোনো চ্যালেঞ্জ আবেদন গ্রহণ করতে পারে না কোর্ট।
তবে গুন্ডা দমন আইনের বিষয়টি স্থগিত হলেও ‘পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা আইন, ১৯৭২’-এর বৈষম্যমূলক ও বিতর্কিত ধারাগুলোকে চ্যালেঞ্জ করে দায়ের করা অপরাপর আবেদনের ওপর শুনানি জারি রেখেছেন আদালত।
এই প্রসঙ্গে রাজ্য সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত হলফনামা পেশের মাধ্যমে নিজস্ব অবস্থান ব্যাখ্যা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী, রাজ্য সরকারের জবাবে অসন্তুষ্ট হলে আবেদনকারীরা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পাল্টা জবাবি হলফনামা দাখিল করতে পারবেন। পরবর্তীতে আগামী ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে এ সংক্রান্ত মামলাটির পরবর্তী পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, পশ্চিমবঙ্গ বিধানসভায় গুন্ডা দমন বিলটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর প্রাথমিকভাবে রাজ্যপাল তা স্বাক্ষর করে। কিন্তু পরে তিনি নিজের স্বাক্ষর প্রত্যাহার করে বিলটি চূড়ান্ত অনুমোদনের উদ্দেশ্যে ভারতের প্রেসিডেন্টের কাছে পাঠান। বর্তমানে বিলটি প্রেসিডেন্ট ভবনের অনুমোদনের অপেক্ষায় ঝুলে রয়েছে।
সূত্র: এই সময়, জি নিউজ
