এবার ইউরোপের কাছে সাহায্যের হাত পাতল ইসরায়েল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি চালু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য চাওয়ার পর এবার ইউরোপের কাছে সাহায্যের হাত পাতল ইসরায়েল। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে ইউরোপীয় দেশগুলোর সাহায্য চেয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাখোঁ যে প্রস্তাব দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ এসেছে। তাই আলোচনা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।
এর আগে হার্জোগ ইউরোপকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই সময় ইসরায়েলি বাহিনী লেবাননে স্থল অভিযান চালাচ্ছিল। তিনি বলেন, ‘হিজবুল্লাহকে নির্মূল করতে ইউরোপের যে কোনো উদ্যোগকে এখনই সমর্থন করা উচিত’।
আলজাজিরা সোমবার জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে এই অভিযান সীমিত আকারে শুরু হয়েছে। লেবাননের খিয়াম শহরের আশপাশে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে স্থল অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা চালালে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এরপর থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলমান। এতে প্রায় ৮ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।